সুপ্রিম কোর্টের ব্যাখ্যা: তিন বিচারপতিকে শোকজ নয়, প্রশাসনিক তথ্য চাওয়া হয়েছিল

আইন-আদালত
গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে, বিপুলসংখ্যক জামিন প্রদান সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে শোকজ করেছেন প্রধান বিচারপতি। তবে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে যে, বাস্তবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ উক্ত তিন বিচারপতিকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ প্রদান করেননি।

সুপ্রিম কোর্টের ব্যাখ্যায় জানানো হয়, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে শুধুমাত্র মামলাসংক্রান্ত কিছু তথ্য চাওয়া হয়েছিল, যা আদালতের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

এতে আরও বলা হয়, সংবাদে উল্লিখিত তথ্যে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন মনে করিয়ে দিয়েছে যে, এ ধরনের প্রশাসনিক যোগাযোগ সম্পূর্ণ গোপনীয়। তাই আদালত সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে গণমাধ্যমকে তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে প্রতিবেদন প্রকাশ করতে অনুরোধ করা হয়েছে, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে এবং জনগণ বিভ্রান্ত না হয়।