রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অবশেষে জামিন পেলেন হাইকোর্ট থেকে। বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, আর রাষ্ট্রের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া। জামিন আদেশের পর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, "এই আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।"
এর আগে ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময়ের জামিন বিষয়ে দুই সপ্তাহের রুল জারি করেন। মামলার সূত্র অনুযায়ী, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে ও ২২ নভেম্বর রংপুরে চিন্ময়ের নেতৃত্বে হিন্দু ধর্মাবলম্বীদের বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচির পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।
পরে ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। তার পরদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালতের সেই আদেশের দিন আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ঘটে, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ২ জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করলে তিনি হাইকোর্টে আবেদন করেন। অবশেষে আজ তার পক্ষে হাইকোর্টের রায় এসেছে।