মিথ্যা যৌতুক মামলায় বাদীর শাস্তি, খালাস প্রাক্তন স্বামী

আইন-আদালত
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ মঙ্গলবার (৮ এপ্রিল) একটি আলোচিত মিথ্যা যৌতুক মামলার রায় ঘোষণা করেন। রায়ে বাদী নাছিমা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে। অপরদিকে, মামলার আসামি ও বাদীর প্রাক্তন স্বামী এস এম গোলাম মোস্তফাকে আদালত খালাস দেন।

আদালতের বেঞ্চ সহকারী আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামের বাসিন্দা নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি করার অভিযোগে মামলা করেন।

তবে মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আদালত রায়ে বলেন, অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক। মামলার নথিপত্র থেকে জানা যায়, ১৯৯০ সালে নাছিমা আক্তার ও এস এম গোলাম মোস্তফার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান জন্ম নেয়। একসময় স্বামী বিদেশে গিয়ে স্ত্রীর নামে জমি ক্রয় করলেও দাম্পত্য কলহ বাড়তে থাকে। স্ত্রী পরবর্তীতে স্বামীর বিরুদ্ধে সিআর (নালিশি) মামলা করেন, যা আদালত খারিজ করে দেয়। এরপর স্বামী তাকে তালাক দেন এবং তার পরপরই তিনি যৌতুকের মামলা দায়ের করেন।

এই প্রেক্ষাপটে আদালত বাদীকে শোকজ করে দণ্ডবিধির ২৫০ ধারা অনুযায়ী সাজা প্রদান করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, “এই রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।”