ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আলোচিত ৪ আগস্ট আদালত চত্বরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী ৯৩ জন আইনজীবীর মধ্যে ৮৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ৮ জন নারী আইনজীবী এবং ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু সাইদ সাগর।
রোববার (৬ এপ্রিল) সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান এদের মধ্যে বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক পরিচিতিসম্পন্ন ব্যক্তিরাও রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি এবং সাইবার ট্রাইব্যুনালের সাবেক পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম।
এই মামলার সূত্রপাত ২০২৪ সালের ৪ আগস্ট। ওই দিন দুপুরে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে সংঘবদ্ধ হয়ে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন আইনজীবী গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ৪ আগস্ট দুপুরে আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্র, লাঠি ও বিস্ফোরক নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা “শেখ হাসিনার ভয় নাই”, “রাজপথ ছাড়ি নাই” স্লোগান দিতে দিতে বোমার বিস্ফোরণ ঘটান। অভিযোগে আরও বলা হয়, পিস্তল তাক করে হত্যাচেষ্টা, লোহার রড দিয়ে হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর, মালামাল লুটপাট এবং এক কোটি টাকার ক্ষতির কথাও উল্লেখ করা হয়।
আসামিদের মধ্যে ১১৫ জন আগে হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তারা। শুনানি শেষে আদালত ৮৪ জনের জামিন নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, নারী আইনজীবী হিসেবে ৮ জন এবং একজন সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি আবু সাইদ সাগর জামিন লাভ করেছেন।