রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা তিনটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয়েছে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন।
রায়ে শেখ হাসিনাকে তিন মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড এবং সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে প্রতিটি মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম এবং দুদকের আইনজীবীরা।
মামলার অভিযোগে বলা হয়েছে, ধানমন্ডির সুধাসদনে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামার মাধ্যমে রাজউক বিধিমালা লঙ্ঘন করে প্লট নেওয়া হয়। এ প্রক্রিয়ায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিক সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এই তিন মামলায় অভিযোগ গঠনের পর থেকেই শেখ হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুল পলাতক ছিলেন।
গত রোববার যুক্তিতর্ক শেষে আদালত ২৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।
এদিকে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।