ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে প্রতারণার আরেক মামলায় তিন বছরের কারাদণ্ড

আইন-আদালত
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী মো. রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনকে প্রতারণার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

রায়ের পর আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম।

এই মামলাটি করেন মুজাহিদ হাসান নামে এক ভুক্তভোগী, যিনি ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রলোভনে পড়ে দুটি মোটরসাইকেল কেনার জন্য প্রতিষ্ঠানটিকে অর্থ প্রদান করেন। কিন্তু মোটরসাইকেল সরবরাহ না করে পরবর্তীতে দুটি চেক দেন ইভ্যালি, যা ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়। এরপর আইনি নোটিশ দিয়েও প্রতিকার না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।

এর আগেও চলতি বছরের ২৯ জানুয়ারি আরেকটি প্রতারণার মামলায় রাসেল ও শামীমা নাসরিনকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁরা জামিনে মুক্তি পান।