আত্মসমর্পণ করলেন আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী

আইন-আদালত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার মামলায় আওয়ামীপন্থি ৯৩ জন আইনজীবী রবিবার (৬ এপ্রিল) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে তারা এ আবেদন করেন। দুপুর ২টায় জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আত্মসমর্পণকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন বারের সাবেক সভাপতি সাইদির রহমাম মামিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামিমসহ আরও অনেকে।

এর আগে গত ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ১৪৪ জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু। মামলাটি করা হয় ৬ ফেব্রুয়ারি, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

উল্লেখ্য, হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন ১১৫ জন আইনজীবী, যার মেয়াদ শেষ হবে ৭ এপ্রিল।